Headlines

সেকেন্ড হ্যান্ড শোরুমে বাইক বেচতে গিয়েই ধরা! কৈলাসহরে উদ্ধার চুরি যাওয়া ২ বাইক, গ্রেপ্তার ৩

কৈলাসহর: গণেশ পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে চুরি হয়ে যাওয়া দুই যুবকের দুটি বাইক উদ্ধার করল কৈলাসহর থানার পুলিশ। ঘটনায় বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর কৈলাসহরের একটি গণেশ পূজার অনুষ্ঠান থেকে দুর্গাপুরের সঞ্জিত রুদ্রপালের TR02F5740 এবং সমরুরপারের বাসিন্দা অজিত দাসের TR02A7906 নম্বরের দুটি সুপার স্প্লেন্ডার বাইক চুরি হয়। বিষয়টি প্রথমে মৌখিকভাবে থানায় জানানো হয়।এরপর ১ অক্টোবর ফুলবাড়ীকান্দি এলাকার একটি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে চুরি যাওয়া বাইকের একটি বিক্রি করতে আসে এক যুবক। কিন্তু বাইকের কাগজপত্র দেখাতে না পারা, নকল চাবি এবং খুলে রাখা নম্বর প্লেট দেখে শোরুম কর্তৃপক্ষের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।পুলিশের দাবি, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে কুমারঘাট রেল স্টেশন এলাকা থেকে দ্বিতীয় চুরি যাওয়া বাইকটিও উদ্ধার করা হয়।এদিকে, দুই বাইকের মালিক ১ অক্টোবর কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কৈলাসহর থানায় মামলা নম্বর 59/2026, ধারা 303(2)/3(5) BNS-এ মামলা রুজু করা হয়েছে।শুক্রবার কৈলাসহর থানায় সাংবাদিক বৈঠকে ওসি তাপস মালাকার জানান, বাইক চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।ঘটনায় উদ্ধার হওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মালিক অজিত দাস ও সঞ্জিত রুদ্রপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *