Headlines

১৫ বছরের নাবালিকা নিখোঁজ, থানায় অভিযোগের পরও সন্ধান নেই! সাংবাদিকদের দ্বারস্থ অসহায় বাবা

কাঞ্চনপুরে ১৫ বছরের নাবালিকা নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানায় অভিযোগ জানানোর পরও মেয়ের সন্ধান না মেলায় শেষ পর্যন্ত সাংবাদিকদের দ্বারস্থ হলেন নাবালিকার বাবা। তাঁর অভিযোগ, মেয়েকে আগরতলায় পাওয়া গেছে বলে আশ্বাস দেওয়া হলেও সেখানে গিয়ে দীর্ঘ সময় ঘোরাঘুরি করেও মেয়ের সন্ধান মেলেনি। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি হয়রানির শিকার হতে হয়েছে তাঁকে।নাবালিকার বাবার দাবি, মেয়ে নিখোঁজ হওয়ার পর প্রথমে তিনি কাঞ্চনপুর থানায় মৌখিকভাবে বিষয়টি জানান। পরদিন থানার এক মহিলা কনস্টেবল তাঁকে ফোন করে জানান, তাঁর মেয়েকে আগরতলা বিমানবন্দর এলাকায় পাওয়া গেছে। এরপর তাঁকে দুটি গাড়ি নিয়ে আগরতলায় আসতে বলা হয়। এমনকি গাড়ি এসি হওয়া প্রয়োজন বলেও জানানো হয়েছিল বলে দাবি তাঁর।মেয়েকে উদ্ধারের আশ্বাসে দুটি গাড়ি ভাড়া করে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন নাবালিকার বাবা। তাঁর বক্তব্য অনুযায়ী, একটি গাড়িতে মহিলা কনস্টেবল, তাঁর পরিবারের এক সদস্য ও ব্যক্তিগত সরঞ্জাম ছিল। অন্য গাড়িতে তিনি নিজে এবং দুই এসপিও সদস্য আগরতলায় যান।তবে আগরতলায় পৌঁছানোর পরও মেয়েকে উদ্ধারের বিষয়ে কার্যকর কোনও পদক্ষেপ দেখতে পাননি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সংশ্লিষ্ট মহিলা কনস্টেবল ও তাঁর পরিবারের সদস্য বিভিন্ন জায়গায় যাতায়াত করলেও মেয়ের সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁকে বাড়ি ফিরে যেতে বলা হয় বলেও অভিযোগ তাঁর।মেয়েকে উদ্ধারের আশ্বাসে আগরতলা গিয়ে অর্থ ব্যয় করার পরও কোনও সন্ধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নাবালিকার বাবা। পরে একজন আইন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লিখিত অভিযোগ করেন বলে জানান তিনি। তাঁর দাবি, অভিযোগের একটি কপি উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে এবং অপরটি কাঞ্চনপুর থানায় জমা দেওয়া হয়েছে।এদিকে, কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত রুদ্র পাল জানান, নাবালিকা অপহরণের বিষয়ে থানায় লিখিত আবেদন করা হয়েছে এবং অভিযোগটি রেজিস্টার করা হয়েছে। নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।তবে নাবালিকার বাবার অভিযোগ, এখনও পর্যন্ত মেয়ের বিষয়ে সন্তোষজনক অগ্রগতির খবর তিনি পাননি। মেয়ের সন্ধান ও নিরাপদ উদ্ধারের দাবিতে তিনি প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন। প্রয়োজন হলে পুনরায় পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি।ঘটনায় নাবালিকার পরিবারের অভিযোগের পাশাপাশি পুলিশের বক্তব্যও সামনে এসেছে। এখন তদন্তের অগ্রগতি এবং নিখোঁজ নাবালিকার সন্ধান মেলার অপেক্ষায় পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *