আগরতলা, ১৪ জুলাই: আসন্ন রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার আগরতলার পূর্বাশা গ্রাউন্ডে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকনের সহ-সভাপতি শ্রী ধাম গোবিন্দ দাস-সহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট সদস্যরা।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, রথযাত্রা বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান উৎসব, যা ভগবান শ্রীজগন্নাথদেবের করুণা, প্রেম এবং সর্বজনীন ঐক্যের বার্তা বহন করে। এবারের রথযাত্রায় সুসজ্জিত তিনটি পৃথক রথে ভগবান শ্রীজগন্নাথদেব, শ্রীবলদেব ও দেবী সুভদ্রার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পাশাপাশি হরিনাম সংকীর্তন, ভজন, নৃত্য এবং বিভিন্ন ভক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশনা উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।ইসকনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৬ জুলাই পূর্বাশা গ্রাউন্ড থেকে রথযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় পূর্বাশা গ্রাউন্ডে ফিরে এসে সমাপ্ত হবে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল এবং ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিংকু রায় উপস্থিত থাকবেন। ভক্তদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ইসকন।
১৬ জুলাই আগরতলায় ইসকনের মহা রথযাত্রা! রাজ্যপাল ও মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে বর্ণাঢ্য সূচনা
