আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর আস্তাবলে একটি প্রকাশ্য সমাবেশেরও আয়োজন করা হয়েছে।শনিবার কৃষক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক পবিত্র কর এবং সহসম্পাদক রতন দাস। তাঁরা জানান, রাজ্যের কৃষক ও কৃষিক্ষেত্রের বিভিন্ন সমস্যা, দেশের বর্তমান পরিস্থিতি এবং প্রাসঙ্গিক রাজনৈতিক বিষয় সম্মেলনে গুরুত্ব সহকারে আলোচনা করা হবে।কৃষকদের বিভিন্ন দাবি ও সমস্যাকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনে কৃষকদের স্বার্থে আন্দোলনের রূপরেখা নিয়েও সম্মেলনে আলোচনা হবে বলে জানানো হয়।সাংবাদিক সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও তাঁদের সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি। কৃষকদের দুর্দশা দূর করতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।তাঁদের বক্তব্য, দেশের অর্থনৈতিক ও সার্বিক উন্নয়নে কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষির পাশাপাশি মাছ, দুধ ও দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন কৃষিজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে কৃষিভিত্তিক শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।সম্মেলনকে সফল করতে ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে। কৃষকদের সমস্যা ও দাবিকে সামনে রেখে আগামী দিনে আন্দোলনকে আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।
১ সেপ্টেম্বর থেকে কৃষক সভার রাজ্য সম্মেলন, আস্তাবলে প্রকাশ্য সমাবেশ
