বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা: দক্ষিণ ত্রিপুরা জেলার উন্নয়নে নতুন গতি আনতে আগামী ৩০ অক্টোবর বিলোনিয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তাঁর হাত ধরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে।মঙ্গলবার দুপুরে দক্ষিণ জেলার জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, আইএএস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, মহকুমা শাসক দেবজ্যোতি রায়-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।জেলা শাসক জানান, মুখ্যমন্ত্রীর সফরকালে বিলোনিয়া থানার নবনির্মিত ভবন, বিদ্যাপীঠ হোস্টেল এবং বিকেআই কর্নারে নবনির্মিত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মর্মর মূর্তির উদ্বোধন-সহ একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হবে। পাশাপাশি এমব্যাঙ্কমেন্ট, পানীয় জলের ট্যাঙ্ক-সহ অন্যান্য প্রকল্পেরও উদ্বোধন ও শিলান্যাস করা হবে। সব মিলিয়ে প্রকল্পগুলির আনুমানিক ব্যয় প্রায় ১০০ কোটি টাকা।মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, অনুষ্ঠানস্থল এবং বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিক সম্মেলনের আগে আরক্ষা প্রশাসন-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠকও অনুষ্ঠিত হয়।প্রশাসনের আশা, এই প্রকল্পগুলির বাস্তবায়নের ফলে দক্ষিণ ত্রিপুরার পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে। এখন মুখ্যমন্ত্রীর সফর এবং একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের অপেক্ষায় বিলোনিয়াবাসী।
৩০ অক্টোবর বিলোনিয়ায় মুখ্যমন্ত্রী, ১০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
