আগরতলা, ৩ জুলাই: টানা তিন মাস ধরে সামাজিক ভাতা বন্ধ থাকার অভিযোগে এবার বিক্ষোভে সামিল হলেন মান্দাই ব্লকের অন্তর্গত শতাধিক সুবিধাভোগী। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন সামাজিক ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েন তারা।শুক্রবার মান্দাই ব্লক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সুবিধাভোগীরা। তাদের অভিযোগ, গত তিন মাস ধরে কোনও সামাজিক ভাতা পাননি। একাধিকবার দপ্তরে যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন বহু বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ও অন্যান্য ভাতাভোগী পরিবার।বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে ভাতা না পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও কার্যকর পদক্ষেপ না মেলায় বাধ্য হয়েই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।সুবিধাভোগীদের দাবি, অবিলম্বে বকেয়াসহ সমস্ত সামাজিক ভাতা প্রদান করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
৩ মাসের সামাজিক ভাতা বকেয়া! মান্দাই ব্লকে সুবিধাভোগীদের বিক্ষোভ, রাস্তায় নামার হুঁশিয়ারি
