মান্দাই, ৯ অক্টোবর: পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে বসানো হয়েছিল ওয়াটার পাম্প। কিন্তু বছর দুয়েক চলার পর থেকেই বন্ধ হয়ে পড়ে সেটি। দীর্ঘ প্রায় ছয় বছর ধরে পাম্পটি বন্ধ থাকায় পানীয় জলের সমস্যায় ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সমস্যায় পড়েছেন পাম্পের অপারেটর সুকুমার দেববর্মাও। ঘটনাটি মান্দাই ব্লকের অধীন আর.সি নগর ভিলেজ কমিটির উদয়কালাম পাড়ার।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০১৮ সালে এলাকার মানুষের পানীয় জলের সমস্যা দূর করার লক্ষ্যে একটি ওয়াটার পাম্প স্থাপন করা হয়। পাম্পটির অপারেটরের দায়িত্বে ছিলেন সুকুমার দেববর্মা নামে এক যুবক। প্রথম দু’বছর পাম্পটি ঠিকঠাক চললেও পরবর্তী সময়ে সেটি বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পাম্পটি পুনরায় চালু করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।পাম্প অপারেটর সুকুমার দেববর্মার অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে তাঁর নাম অপারেটর হিসেবে থাকলেও মান্দাই ব্লকের ব্যবস্থায় তাঁর নাম নেই। এই প্রশাসনিক জটিলতার কারণেই পাম্পটি বন্ধ হয়ে রয়েছে বলে তাঁর দাবি। শুধু তাই নয়, পাম্পের জন্য স্থাপন করা বৈদ্যুতিক ট্রান্সফরমারটিও ঠিকমতো কাজ করে না বলে অভিযোগ করেছেন তিনি।এর ফলে একদিকে যেমন এলাকার মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছেন, অন্যদিকে কৃষিকাজের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। পাশাপাশি, অপারেটরের দায়িত্বে থাকা সুকুমার দেববর্মাও বঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকুমার দেববর্মা গোটা বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ থাকা ওয়াটার পাম্পটি কবে চালু হবে, ট্রান্সফরমারের সমস্যারই বা কবে সমাধান হবে, সেই প্রশ্নই এখন সামনে আসছে।এলাকার মানুষের পানীয় জলের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কি না, এখন সেটাই দেখার।
৬ বছর ধরে বন্ধ ওয়াটার পাম্প, পানীয় জলের সংকটে উদয়কালাম পাড়ার বাসিন্দারা
