শান্তিরবাজার, ৪ জুলাই: শান্তিরবাজার মহকুমার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টানা দুই ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার হন চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিজনরা। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ।রোগীদের আত্মীয়দের দাবি, বিদ্যুৎ না থাকায় বিশেষ করে শিশু, প্রবীণ ও প্রসূতি বিভাগের রোগীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে। একই সঙ্গে হাসপাতালে পানীয় জলের সংকটও রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।অভিযোগে আরও বলা হয়েছে, হাসপাতালের রোগীদের ওয়ার্ডে বিদ্যুৎ না থাকলেও চিকিৎসক ও নার্সদের কক্ষে সৌরশক্তিচালিত পাখা চলছিল। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রোগীর পরিজনদের একাংশ প্রশ্ন তোলেন, যেখানে রোগীরা গরমে কষ্ট পাচ্ছেন, সেখানে কর্মীদের কক্ষে স্বাভাবিক পরিষেবা কীভাবে বজায় রয়েছে।স্থানীয়দের দাবি, হাসপাতালের ইনচার্জ চিকিৎসক ডা. রুবি হালদারকে বিষয়টি জানানো হলেও দ্রুত সমস্যার সমাধান হয়নি। দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় হাসপাতালের পরিষেবা ব্যাহত হওয়ায় রোগীদের নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।তবে এই অভিযোগগুলির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন রোগী ও তাঁদের পরিজনরা।
⚠️ ২ ঘণ্টারও বেশি বিদ্যুৎহীন বাইখোড়া স্বাস্থ্যকেন্দ্র, গরমে নাজেহাল রোগী-পরিজনদের ক্ষোভ
