মধ্য বক্সনগর এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হওয়া রুবেল মিয়ার অবশেষে মৃত্যু হয়েছে। দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আগরতলার গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল (জিবি হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।জানা গেছে, কয়েকদিন আগে মধ্য বক্সনগর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে গুরুতরভাবে আহত হন রুবেল মিয়া। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।গত সাত দিন ধরে হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ ও বিএসএফের গুলি চালানোর পরিস্থিতি নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।
বিএসএফের গুলিতে আহত রুবেল মিয়ার মৃত্যু, ৭ দিন পর জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস
