আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বেহাল অবস্থাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, স্মার্ট সিটি প্রকল্পের কর্মকর্তারা শুধুমাত্র ভিআইপি রাস্তাগুলিতে সাময়িক প্রলেপ দিয়ে মিডিয়ার সামনে উন্নয়নের ছবি তুলে ধরতে ব্যস্ত, অথচ শহরের অধিকাংশ রাস্তার বাস্তব চিত্র অত্যন্ত করুণ।বিশেষ করে দুর্গা চৌমুহনী থেকে বড়জলা পর্যন্ত রাস্তার অবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে দিনদিন। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে যানচালক ও সাধারণ পথচারীদের। সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ী কোনও সমাধান করা হচ্ছে না। বরং গুরুত্বপূর্ণ ভিআইপি রুটগুলিতেই বেশি নজর দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে।যানচালকদের একাংশের অভিযোগ, প্রতিদিন ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, সমস্যা নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।এদিকে শহরের রাস্তার বেহাল চিত্র নিয়ে সামাজিক মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন নাগরিকরা।
ভিআইপি রাস্তায় প্রলেপ, শহরের বাকি রাস্তা বেহাল! ক্ষোভে ফুঁসছেন আগরতলাবাসী
