কাঠালিয়া, ত্রিপুরা: স্কুলে যাওয়ার প্রস্তুতির আগেই মর্মান্তিক ঘটনা। বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হলো একাদশ শ্রেণির ছাত্রী রুপানজলি পালের ঝুলন্ত দেহ। শনিবার সকালে কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুরের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, লিটন দেবের এক ছেলে ও এক মেয়ে। তাঁর মেয়ে রুপানজলি একাদশ শ্রেণিতে পড়াশোনা করত। শনিবার সকালে বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন তার বাবা-মা। সেই সময় বাড়ির ভিতরে রুপানজলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন তাঁরা।খবর ছড়িয়ে পড়তেই ঘনবসতিপূর্ণ এলাকাটিতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। মেয়ের এমন পরিণতির খবর পেয়ে শোকে ভেঙে পড়েন তার মা। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলেও জানা গেছে।ঘটনার খবর দেওয়া হয় যাত্রাপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীকে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বলে জানা গেছে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়।একাদশ শ্রেণির এক ছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঠিক কী কারণে এই চরম সিদ্ধান্ত, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কাঠালিয়ায় একাদশ শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া উত্তর মহেশপুরে
