থলি বাড়ি: এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল গণনার দিন থলি বাড়িতে রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্তে গতি বাড়িয়েছে যাত্রাপুর থানার পুলিশ। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে ধূপছড়া পাড়া থেকে আরও চারজনকে আটক করেছে পুলিশ।ধৃতরা হলেন সোনা মানিক ত্রিপুরা (২৯), বজেন্দ্র ত্রিপুরা (৩১), ভদ্র কুমার ত্রিপুরা (৩৮) এবং যাত্রাপদ ত্রিপুরা (৩৯)। তাঁদের প্রত্যেকের বাড়ি ধূপছড়া পাড়ায়।পুলিশ সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর রাত সাড়ে আটটা নাগাদ যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ানরা ধূপছড়া পাড়া ঘিরে অভিযান চালান। সেই অভিযানে চারজনকে আটক করে রাতেই যাত্রাপুর থানায় নিয়ে আসা হয়। আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় এটি পুলিশের তৃতীয় দফার ধরপাকড় বলে জানা গেছে।এই প্রসঙ্গে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের ঘটনাকে পুলিশ কোনওভাবেই হালকাভাবে নিচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, এই ঘটনায় যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে আগামী দিনেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল গণনার দিন থলি বাড়িতে আইজির গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের চিহ্নিত করার পাশাপাশি ধারাবাহিকভাবে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে যাত্রাপুর থানার পুলিশ।ওসি পার্থনাথ ভৌমিক আরও জানান, ধৃত চারজনকে সোমবার সোনামুড়া আদালতে পেশ করা হবে। এই ঘটনায় পুলিশের লাগাতার অভিযানের জেরে এলাকায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
আইজির গাড়ি ভাঙচুরের মামলা: ধূপছড়া থেকে গ্রেপ্তার আরও ৪
