Headlines

পুজোর আগে দুর্ঘটনা রুখতে লেম্বুছড়ায় পুলিশের রাতভর নাকা তল্লাশি

মোহনপুর: আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর মোহনপুর মহকুমা পুলিশ। এই লক্ষ্যেই রবিবার রাতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের লেম্বুছড়া এলাকায় ব্যাপক যানবাহন তল্লাশি অভিযান চালানো হয়। মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে গভীর রাত পর্যন্ত চলে এই অভিযান।অভিযানে উপস্থিত ছিলেন মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্ত, লেফুঙ্গা থানার ওসি রাজকুমার জমাতিয়া এবং লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জন বিশ্বাস-সহ বিশাল পুলিশ বাহিনী।অভিযান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও আশীষ দাশগুপ্ত জানান, দুর্গাপুজো উপলক্ষে রাজধানী আগরতলায় বাইরে থেকে আসা বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। যানবাহনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখার পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অতিরিক্ত আলো ও কালো গ্লাস পেপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।পাশাপাশি, যাত্রীবাহী যানবাহনের চালকদের উদ্দেশে বিশেষ বার্তা দেন এসডিপিও। তিনি বলেন, একটি গাড়ির চালকের হাতে শুধু নিজের জীবন নয়, গাড়িতে থাকা সমস্ত যাত্রীর জীবনও নির্ভর করে। একই সঙ্গে চালকের নিজের পরিবার-পরিজনের দায়িত্বও তাঁর উপর রয়েছে।তাই দুর্ঘটনা এড়াতে প্রত্যেক চালককে যানবাহন আইন ও ট্রাফিক বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।উৎসবের মরশুমে রাস্তায় যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে পুলিশের এই তল্লাশি অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *