খোয়াই: আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে খোয়াই জেলা পুলিশ। এ বছর জেলায় মোট ৪০৮টি দুর্গাপূজা অনুষ্ঠিত হতে চলেছে। গত বছর এই সংখ্যা ছিল ৩৯৭। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর পূজার সংখ্যা বেড়েছে ১১টি।পূজার দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রায় ১১০০ জন টিএসআর, পুলিশ ও সিভিল পুলিশকর্মী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতিটি পূজা কমিটি ও ক্লাবকে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পূজামণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের যাতায়াত সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সিসিটিভি নজরদারির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ। প্রতিটি পূজা কমিটিকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, জেলার ২৮টি থানায় সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর ফলে জেলার বিভিন্ন এলাকার পরিস্থিতির উপর নজরদারি আরও জোরদার করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।খোয়াই জেলার পুলিশ সুপার বোগাতি জগদীশ্বর রেড্ডি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। উৎসবের দিনগুলিতে যাতে সাধারণ মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রস্তুতি বলে জানানো হয়েছে।
খোয়াইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১১০০ পুলিশকর্মী মোতায়েনের প্রস্তুতি
