শারদীয় দুর্গাপুজোকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বড় ঘোষণা করল অমরপুরের বীরগঞ্জ থানা। সুষ্ঠুভাবে পুজো পরিচালনা এবং প্রতিমা নিরঞ্জন করতে পারলে পুজো কমিটিগুলিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হবে। বৃহস্পতিবার বীরগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই ঘোষণা করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুক্রমনি দেববর্মা।এদিনের বৈঠকে মহকুমার বিভিন্ন পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে পুজো উদ্যোক্তাদের উদ্দেশে ওসি শুক্রমনি দেববর্মা আবেদন জানান, প্রত্যেকটি পুজো যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। পাশাপাশি পুজো আয়োজনের ক্ষেত্রে সমস্ত আইনি বিধিনিষেধ মেনে চলার উপরও তিনি বিশেষ গুরুত্ব দেন।বৈঠকে নতুন নির্দেশিকার কথা উল্লেখ করে জানানো হয়, রাত ১০টার পর উচ্চক্ষমতাসম্পন্ন সাউন্ড সিস্টেম বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশ অমান্য করে কোনও ক্লাব, সংস্থা বা প্রতিষ্ঠান উচ্চক্ষমতার সাউন্ড বাজালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে বীরগঞ্জ থানা। এমনকী, নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।পুজোর আনন্দ যাতে সাধারণ মানুষের শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন না ঘটায়, সেই লক্ষ্যেই প্রশাসনের এই উদ্যোগ। একদিকে সুশৃঙ্খল পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করার ঘোষণা, অন্যদিকে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা—এই দুইয়ের মাধ্যমে শান্তিপূর্ণ দুর্গাপুজো নিশ্চিত করতে তৎপর বীরগঞ্জ থানা।
সুশৃঙ্খল পুজো ও নিরঞ্জনে পুরস্কার, রাত ১০টার পর উচ্চক্ষমতার সাউন্ডে নিষেধাজ্ঞা
