আগরতলার গুর্খাবস্তিতে প্রাক্তন সেনাদের সম্মান জানাতে এবং তাঁদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ আউটরিচ প্রোগ্রামের আয়োজন করলো Assam Rifles। সোমবার আয়োজিত এই কর্মসূচিতে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রাক্তন সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের অংশ হিসেবে একটি মেডিক্যাল হেলথ চেক-আপ ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে আসাম রাইফেলসের মেডিক্যাল টিম প্রাক্তন সেনা ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করে। এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত প্রাক্তন সেনাকর্মীরা।এছাড়াও অনুষ্ঠানে আসাম রাইফেলসের পক্ষ থেকে একটি ব্যান্ড ডিসপ্লের আয়োজন করা হয়। দেশাত্মবোধক ও অনুপ্রেরণামূলক সুরে মুখরিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। প্রাক্তন সেনাদের মধ্যে তৈরি হয় গর্ব, সৌহার্দ্য ও স্মৃতিমেদুর এক আবহ।আসাম রাইফেলসের এই উদ্যোগ প্রাক্তন সেনাদের কল্যাণ ও তাঁদের প্রতি বাহিনীর দায়বদ্ধতার বার্তাকেই আরও একবার স্পষ্টভাবে তুলে ধরেছে।
প্রাক্তন সেনাদের সম্মানে আসাম রাইফেলসের বিশেষ উদ্যোগ, গুর্খাবস্তিতে স্বাস্থ্য শিবির ও ব্যান্ড প্রদর্শনী
