Headlines

চার দিন নিখোঁজের পর গাড়িচালকের মৃত্যু, মারধরের অভিযোগে অভিযুক্তকে গণধোলাই

ধর্মনগর: চার দিন ধরে গাড়ি নিয়ে নিখোঁজ থাকার পর বাড়ি ফিরেই মৃত্যু হল ৩২ বছর বয়সি গাড়িচালক শিহাব উদ্দিনের। উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা এলাকার ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, মারধরের জেরেই মৃত্যু হয়েছে শিহাবের। ঘটনায় অভিযুক্ত ইচুব আলীকে ঘিরে উত্তেজিত গ্রামবাসীদের গণধোলাইয়ের অভিযোগও উঠেছে।মৃত শিহাব উদ্দিন ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মনির উদ্দিন। পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ওই সময় তাঁর কাছে কোনও মোবাইল ফোনও ছিল না। পরিবারের দাবি, নিখোঁজ থাকার সময় শিহাব একই গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইচুব আলীর বাড়িতে ছিলেন।অভিযোগ, সোমবার সন্ধ্যায় এক অজ্ঞাতপরিচয় টোটোচালক শিহাবকে ইচুব আলীর বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যান। বাড়ি ফেরার সময় তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল বলে দাবি পরিবারের সদস্যদের। পরিবারের লোকজনের সঙ্গে অল্প কিছু কথা বলার পরই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে শিহাব ইচুব আলীর নাম উল্লেখ করে তাঁকে মারধর করা হয়েছে বলে জানান বলে দাবি পরিবারের।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। গ্রামবাসীরা ইচুব আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এর মধ্যে উত্তেজিত জনতার হাতে তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।এদিকে, ঘটনার নেপথ্যে মাদক কারবারের যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। তবে এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি।পুলিশ শিহাবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, মারধরের অভিযোগ এবং মাদক কারবারের সঙ্গে ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *