Headlines

ছেলেকে রেখে গৃহবধূ নিখোঁজ, সাব্রুম থানায় মামলা স্বামীর

সাব্রুম: ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সন্তানকে বাড়িতে রেখে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন ২৬ বছর বয়সি এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের লুধুয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম মঞ্জু ত্রিপুরা। স্ত্রীর সন্ধান চেয়ে সাব্রুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর স্বামী ভজন ত্রিপুরা।মঙ্গলবার সাব্রুম থানার সামনে ঘটনার বিবরণ দিতে গিয়ে ভজন ত্রিপুরা জানান, গত শুক্রবার সকালে নারকেল আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর স্ত্রী। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে স্ত্রীর সন্ধান না পেয়ে উদ্বেগে পড়েন তিনি। স্বামীর দাবি, বাড়ি থেকে বেরোনোর সময় আধার কার্ড ও পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ নথিও সঙ্গে নিয়ে গিয়েছেন মঞ্জু।ভজন ত্রিপুরার আরও অভিযোগ, স্ত্রীর মোবাইলে রিচার্জ না থাকায় পরে রিচার্জ করে যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু ফোন রিসিভ করার পরই সেটি বন্ধ করে দেওয়া হয় বলে তাঁর দাবি। এরপর থেকেই স্ত্রীর কোনও সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।এদিকে, গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে এলাকায় নানা জল্পনা ছড়িয়েছে। তবে অন্য কোনও যুবকের সঙ্গে সম্পর্কের কারণে তিনি বাড়ি ছেড়েছেন কি না, সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।স্বামী ভজন ত্রিপুরার আকুল আবেদন, তাঁর স্ত্রী যেন ফিরে এসে সন্তান ও সংসারের দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, স্ত্রীর সন্ধান পেতে সাব্রুম থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে নিখোঁজ গৃহবধূর বর্তমান অবস্থান এবং তাঁর অন্তর্ধানের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এখন মঞ্জু ত্রিপুরার সন্ধান পাওয়ার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *