Headlines

মাছ ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি! মলয়নগরের জলাশয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১৯ বছরের যুবকের

মাছ ধরতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হলেন ১৯ বছর বয়সি এক যুবক। শনিবার দুপুরে মলয়নগর হাউজিং বোর্ড গ্রাউন্ড কমপ্লেক্সের একটি জলাশয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত যুবকের নাম শুভ বিশ্বাস। তাঁর বাড়ি রবীন্দ্রনগরের পালপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ইলেকট্রিক চার্জিং ব্যাটারি ব্যবহার করে জলাশয়ে মাছ ধরছিলেন শুভ। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি জলে পড়ে যান।
ঘটনার খবর পেয়ে তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় আনন্দনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। জলাশয় থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত বলে ঘোষণা করেন।
মাত্র ১৯ বছর বয়সি যুবকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন তাঁর বাবা-মা ও আত্মীয়স্বজন।
জলাশয়ে মাছ ধরার সময় বিদ্যুৎ ব্যবহারের বিপজ্জনক পরিণতি আরও একবার সামনে নিয়ে এল এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *