Headlines

কলেজ শিক্ষিকাকে পিষে মৃত্যুর মামলায় বাইক আরোহীর ৫ বছরের কারাদণ্ড

সাব্রুমে পথচারী কলেজ শিক্ষিকাকে ধাক্কা দিয়ে মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত মোটরবাইক আরোহীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছরের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।ঘটনাটি ২০২২ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার সময় সাব্রুম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের চতুর্থদেবতার বাড়ির সামনে ঘটে। জানা যায়, সাব্রুম মাইকেল মধুসূদন দত্ত কলেজের শিক্ষিকা কীর্তি চক্রবর্তী তাঁর স্বামী তপন কুমার রায়ের সঙ্গে রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় দমদমা শাস্ত্রী কলোনির দাসপল্লীর বাসিন্দা গৌতম দাস তার মোটরবাইক (নম্বর: TR-03E-8046) নিয়ে দ্রুতগতিতে এসে পিছন দিক থেকে শিক্ষিকাকে সজোরে ধাক্কা দেন।দুর্ঘটনার পর স্থানীয়দের খবরের ভিত্তিতে সাব্রুম দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কীর্তি চক্রবর্তীকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পর সাব্রুম থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে সাব্রুম মহকুমার অতিরিক্ত জেলা ও সেশনস বিচারক অসিত দেবনাথ ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনার ভিত্তিতে অভিযুক্ত গৌতম দাসকে দোষী সাব্যস্ত করেন।আদালত রায়ে গৌতম দাসকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এই রায়ে মৃত শিক্ষিকার পরিবারের সদস্যরা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *