মান্দাই আরডি ব্লকের অন্তর্গত আড়ি পঞ্চায়েতের বালডুং এলাকায় একটি ছড়ার উপর বক্স কালভার্ট নির্মাণের দীর্ঘদিনের দাবি এখনও পূরণ না হওয়ায় চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে তাঁদের।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটির গুরুত্বপূর্ণ যাতায়াত পথের মাঝখানে থাকা এই ছড়ার উপর কোনো স্থায়ী কালভার্ট না থাকায় বর্ষাকালে সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে স্থানীয় এমডিসি জগদীশ দেববর্মা এবং বিধায়িকা স্বপ্না দেববর্মার কাছেও একাধিকবার আবেদন জানানো হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়নি।বর্তমানে ছাত্রছাত্রী, প্রবীণ ব্যক্তি ও সাধারণ মানুষকে বাঁশের সাঁকো ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।তাই অবিলম্বে জনস্বার্থে ওই ছড়ার উপর একটি স্থায়ী বক্স কালভার্ট নির্মাণের জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বালডুং এলাকার বাসিন্দারা।
বাঁশের সাঁকোই ভরসা! বালডুংবাসীর প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত, বক্স কালভার্টের দাবিতে ক্ষোভ
