হাম (Measles) প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার সকালে কৈলাসহরে এক বর্ণাঢ্য সচেতনতা র্যালির আয়োজন করা হয়। ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হওয়া এই র্যালির আয়োজন করে ‘বি ফিট অ্যান্ড ফিট আদার্স’ সোশ্যাল অর্গানাইজেশন, সহযোগিতায় ছিল জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (District Health & Family Welfare Society)।সকাল ৭টায় শুরু হওয়া র্যালিতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে র্যালিটি হাম রোগ সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেয় জনসাধারণের কাছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ডাঃ সন্দিপন ভট্টাচার্য্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। তবে নির্ধারিত সময়ে টিকাদান নিশ্চিত করা গেলে এই রোগ সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব।বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান, জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় শিশুদের সময়মতো হাম-রুবেলা (MR) টিকা প্রদান নিশ্চিত করতে। পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। সেখানে লেখা ছিল— “হাম একটি গুরুতর রোগ হতে পারে, আপনার সন্তানের সুরক্ষা নিশ্চিত করার ক্ষমতা আপনার হাতেই” এবং “টিকাই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়”।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হাম নির্মূল এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
হাম প্রতিরোধে কৈলাসহরে সচেতনতা র্যালি, টিকাদানের গুরুত্বে জোর
