Headlines

পাসপোর্ট থাকলেও ‘বাংলাদেশি’ তকমা! শ্রীমন্তপুর চেকপোস্টে হয়রানির অভিযোগ, জনপ্রতি ২০০ টাকা আদায় নিয়েও ক্ষোভ

সোনামুড়া, ৪ জুন: ভারতীয় পাসপোর্ট ও বৈধ ভিসা থাকা সত্ত্বেও এক ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সোনামুড়ার শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। একইসঙ্গে চেকপোস্টে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে আদায়ের অভিযোগ ঘিরেও ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।ভুক্তভোগী আব্দুল মিয়ার বাড়ি সিপাহীজলা জেলার মেলাঘর এলাকার তেলকাজলা গ্রামে। অভিযোগ অনুযায়ী, তিনি বৈধ ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে পৌঁছালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করে যাত্রায় বাধা দেয়।আব্দুল মিয়ার দাবি, তিনি একজন ভারতীয় নাগরিক এবং একই পাসপোর্ট ব্যবহার করে গত কয়েক বছরে অন্তত দু’বার বাংলাদেশে যাতায়াত করেছেন। পূর্বে কখনও কোনো সমস্যা না হলেও এবার ইমিগ্রেশন কর্মকর্তারা তার নামে বাংলাদেশি পাসপোর্ট থাকার দাবি তুলে তাকে ফিরিয়ে দেন।এই ঘটনায় তিনি চরম মানসিক হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।এদিকে, শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে আদায়ের অভিযোগও সামনে এসেছে। যাত্রীদের অভিযোগ, চেকপোস্টে প্রবেশের সময় এবং ফেরার সময় মিলিয়ে মোট ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে। যদিও এই অর্থ কেন নেওয়া হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না।কিছু যাত্রীকে জানানো হয়েছে যে ‘ওয়াই-ফাই সুবিধা’ ও ‘গাড়ি পরিষেবা’র জন্য এই টাকা নেওয়া হচ্ছে। তবে অভিযোগ, বাস্তবে কোনো ওয়াই-ফাই সংযোগ বা অতিরিক্ত যানবাহন পরিষেবা পাওয়া যাচ্ছে না। ফলে ভারত ও বাংলাদেশ—উভয় দেশের যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।ঘটনার বিষয়ে শ্রীমন্তপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন ভুক্তভোগী ও অন্যান্য যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *