ভুবনেশ্বর, ওড়িশা: মাসিক বেতন মাত্র ৬ হাজার টাকা। অথচ ব্যাংক লকার থেকে উদ্ধার হয়েছে ২ কোটি টাকা নগদ! সরকারি এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পত্তি অর্জনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশাজুড়ে।ওড়িশা ভিজিল্যান্স বিভাগের অভিযানে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। অভিযুক্ত বৈকুণ্ঠ নাথ বেহেরা বালিগুড়া অঞ্চলের সমন্বিত আদিবাসী উন্নয়ন সংস্থা (ITDA)-এর একজন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আয়ের তুলনায় অস্বাভাবিক সম্পত্তি সঞ্চয়ের অভিযোগ উঠেছিল।অভিযোগের ভিত্তিতে ভুবনেশ্বরের বিশেষ ভিজিল্যান্স আদালত থেকে তল্লাশি পরোয়ানা নিয়ে দুর্নীতি দমন শাখা একযোগে ৯টি স্থানে অভিযান চালায়। ভুবনেশ্বর, বালাসোর, জাজপুর এবং বালিগুড়া—এই চারটি জেলার বিভিন্ন বাড়ি, অফিস ও সম্পত্তিতে তল্লাশি চালানো হয়।ভিজিল্যান্স সূত্রে জানা গেছে, অভিযানের সময় একটি ব্যাংক লকার থেকে প্রায় ২ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একাধিক স্থাবর ও অস্থাবর সম্পত্তি, জমি, বাড়ি এবং অন্যান্য মূল্যবান সম্পদেরও হদিশ মিলেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।এই অভিযানে পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার এবং একাধিক ইন্সপেক্টরসহ ভিজিল্যান্স বিভাগের একটি বড় দল অংশ নেয়। বর্তমানে উদ্ধার হওয়া নগদ অর্থ ও সম্পত্তির উৎস খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনিক মহলসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক চর্চা শুরু হয়েছে। তদন্ত শেষ হলে অভিযুক্তের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
বেতন ৬ হাজার, অথচ লকারে ২ কোটি টাকা! সরকারি ইঞ্জিনিয়ারের বিপুল সম্পত্তি ঘিরে চাঞ্চল্য
