মান্দাই, ৯ জুন: জঙ্গল থেকে লাকড়ি কেটে তা বিক্রি করেই কোনোমতে সংসার চালান মান্দাই ব্লকের রাজচন্তাই ভিসির আর সি নগর পুনিরাম সর্দার পাড়ার বাসিন্দা রানা দেববর্মা। দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনটনের মধ্যে জীবনযাপন করলেও এখনও জোটেনি মাথা গোঁজার মতো একটি নিরাপদ পাকা ঘর। ফলে সামান্য বৃষ্টি হলেই দুর্বিষহ হয়ে ওঠে তাঁর ও পরিবারের জীবন।স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙাচোরা ও জরাজীর্ণ ঘরেই দিন কাটে রানা দেববর্মার পরিবারের। বর্ষাকালে ঘরে পানি ঢুকে পড়ায় অনেক সময় বাধ্য হয়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিতে হয় তাদের। অথচ বহুবার প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)-এর আওতায় একটি বাড়ির জন্য আবেদন করলেও এখনও পর্যন্ত কোনো সরকারি সুবিধা পাননি বলে অভিযোগ তাঁর।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রানা দেববর্মা জানান, পরিবারকে নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। প্রতিদিন জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে বিক্রি করে যে সামান্য আয় হয়, তা দিয়েই সংসারের খরচ চালাতে হয়। এর মধ্যেই একটি নিরাপদ বাসস্থানের স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে।তিনি সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসনের কাছে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেয়ে পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।এদিকে, রানা দেববর্মার এই অসহায় অবস্থার কথা প্রকাশ্যে আসতেই এলাকাবাসীর একাংশও তাঁর পাশে দাঁড়িয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট দপ্তর তাঁর আবেদনকে কতটা গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
জঙ্গল থেকে লাকড়ি কেটে জীবিকা, তবুও মেলেনি পাকা ঘর! প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন রানা দেববর্মার
