বিধাননগর, ৯ জুন: তৃণমূল কংগ্রেস নেতা ও বিধাননগর পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে ঘিরে মঙ্গলবার নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বিপুল অঙ্কের টাকা তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেফতারের পর তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় একদল বিক্ষুব্ধ মানুষ তাঁর উদ্দেশ্যে ডিম ও টম্যাটো ছুড়ে বিক্ষোভ দেখায়।জানা গেছে, সোমবার গভীর রাতে রাজারহাটের একটি আবাসন থেকে সব্যসাচী দত্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করার জন্য থানার লকআপ থেকে বের করে নিয়ে যাওয়ার সময় থানার বাইরে আগে থেকেই জড়ো হয়েছিলেন একদল মানুষ। পুলিশের গাড়ি বেরিয়ে আসতেই তারা সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম ও টম্যাটো নিক্ষেপ করতে শুরু করেন। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।শুধু তাই নয়, পুলিশের গাড়ি থানার চত্বর ছেড়ে যাওয়ার পর বিক্ষোভকারীদের একাংশ থানার সামনের উঠোনে গোবর ছড়িয়ে তা দিয়ে ‘লেপন’ করেন। তাদের দাবি, সব্যসাচী দত্তকে থানার লকআপে রাখা হয়েছিল, ফলে থানার প্রাঙ্গণ ‘অশুদ্ধ’ হয়ে পড়েছে। তাই গোবর দিয়ে থানার চত্বর পরিষ্কার করে সেটিকে ‘পরিশুদ্ধ’ করা হয়েছে বলে তারা মন্তব্য করেন।ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা বলয় জোরদার করে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে সব্যসাচী দত্ত বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।উল্লেখ্য, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ওঠা তোলাবাজি ও হুমকির অভিযোগের তদন্ত চলছে। আদালতে পেশের পর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।
সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-টম্যাটো ছোড়া! থানার উঠোনে গোবর দিয়ে ‘শুদ্ধিকরণ’ ঘিরে চাঞ্চল্য
