আগামী ১২ তারিখে ঘোষিত বন্ধকে কেন্দ্র করে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। এই প্রেক্ষিতে মঙ্গলবার মহাকরণে নিজের চেম্বারে ATTF ও NLFT-এর প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মন্ত্রী বিকাশ দেববর্মা।সূত্রের খবর, বৈঠকে বিভিন্ন দাবি-দাওয়া এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বন্ধের আগে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।এদিকে বৈঠক শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে এবং আগামী ১১ তারিখে ফের ATTF ও NLFT-এর সদস্যদের সঙ্গে আরেক দফা বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শুনে ইতিবাচক সমাধানের চেষ্টা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।১২ তারিখের ঘোষিত বন্ধের প্রেক্ষিতে এই ধারাবাহিক বৈঠক রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট গুরুত্ব বহন করছে। এখন আগামী ১১ তারিখের বৈঠকের ফলাফলের দিকেই নজর সংশ্লিষ্ট সকলের।
১২ তারিখের বন্ধ ঘিরে তৎপরতা! ATTF-NLFT প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা
