জোলাইবাড়ী: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বাইক ও বাইসাইকেলের সংঘর্ষে আহত হলেন দুই ব্যক্তি। বৃহস্পতিবার সংঘটিত এই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহতদের মধ্যে রয়েছেন এক যুবক মোটরসাইকেল চালক এবং এক প্রবীণ বাইসাইকেল আরোহী। দু’জনেরই মাথায় আঘাত লাগায় উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, টি আর–০৮ এফ–৭২৬৮ নম্বরের একটি মোটরসাইকেল জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাইসাইকেলকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে মোটরসাইকেল চালক ও বাইসাইকেল আরোহী দু’জনই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা। তারা আহতদের উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে দু’জনের মাথায় আঘাতের কারণে সিটি স্ক্যানসহ উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁদের শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়।জানা গেছে, আহত মোটরসাইকেল চালক দেবদারু এলাকার বাসিন্দা অনুপম দেবনাথ (২৩)। অপরদিকে, আহত বাইসাইকেল আরোহী পশ্চিম জোলাইবাড়ীর বাসিন্দা রতন দত্ত (৭৫)।ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জোলাইবাড়ী ফাঁড়ি থানার পুলিশ। জাতীয় সড়কে ক্রমবর্ধমান দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক নজরদারি আরও জোরদার করা হোক। :::
জোলাইবাড়ীতে বাইক-বাইসাইকেলের সংঘর্ষে রক্তাক্ত জাতীয় সড়ক! আহত বৃদ্ধসহ দুইজন জেলা হাসপাতালে রেফার
