শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে উদ্ধার হওয়া তরুণী মনীষা দাসের মরদেহ শুক্রবার সকালে তার নিজ বাড়ি কাঁঠালতলীতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। প্রিয়জনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা।পরিবারের অভিযোগ, মনীষার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। মনীষার মায়ের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত প্রায় ১০টা নাগাদ ঘটনাটি ঘটলেও তাদের কাছে খবর পৌঁছায় রাত প্রায় ২টোর দিকে। এত দেরিতে পরিবারকে বিষয়টি জানানো নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।এদিকে, মনীষার মা এক রাধিকা রায় নামে মেডিকেল কলেজের এক ম্যাডামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যদিও অভিযুক্তের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে এখনও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কাঁঠালতলী এলাকার বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনতে হবে। দোষী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।উল্লেখ্য, শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত ২২ বছর বয়সী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সবার।
কাঁঠালতলীতে মনীষার নিথর দেহ, কান্নায় ভেঙে পড়ল পরিবার! মায়ের অভিযোগ, “পরিকল্পিতভাবে খুন করা হয়েছে”
