আগরতলা, ১৩ জুন: রাজধানীর এডি নগর থানার অন্তর্গত বাধারঘাটের শ্রীপল্লী এলাকায় এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে নিজ বাড়ির ঘর থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।মৃত তরুণীর নাম প্রিয়া দেব (২২)। তিনি বাধারঘাট শ্রীপল্লী এলাকার বাসিন্দা এবং সুমন দেবের কন্যা বলে জানা গেছে।পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে, প্রেম সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ অনুযায়ী, রানীবাজার এলাকার বাসিন্দা পৌরব দে, যিনি বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি সংস্থায় কর্মরত, তার সঙ্গে প্রিয়ার ব্যক্তিগত সম্পর্ক ছিল। ওই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে পরিবারের সদস্যদের সন্দেহ।ঘটনার খবর পেয়ে এডি নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর উদ্যোগ নেয়।এদিকে, মৃতার পরিবারের সদস্যরা অভিযোগের ভিত্তিতে রানীবাজার এলাকার অভিযুক্ত যুবকের মাকে আটক করে নিজেদের হেফাজতে রাখেন বলে জানা গেছে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ন্ত্রণে আনে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করে।তবে পুলিশ এখনও পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।
বাধারঘাটে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমঘটিত কারণের অভিযোগে চাঞ্চল্য
