বিশ্রামগঞ্জ, ১৫ জুনঃ বয়সের ভারে ন্যুব্জ শরীর, চলাফেরায় চরম কষ্ট। তবুও হার মানেননি ৭৫ বছরের রঞ্জিত নমঃ। তপ্ত রোদ উপেক্ষা করে ব্যাটারি চালিত হুইলচেয়ারের আবেদন জানাতে তিনি পৌঁছে যান বিশ্রামগঞ্জ জেলা দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্রে।জানা গেছে, দক্ষিণ নলছড় বড়মুড়া এলাকার বাসিন্দা রঞ্জিত নমঃ দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। বয়সজনিত কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করাও তাঁর পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। ফলে দৈনন্দিন জীবনযাপন এবং প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন করতে তাঁকে অন্যের সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে।এই পরিস্থিতিতে কিছুটা স্বনির্ভর হওয়ার আশায় ব্যাটারি চালিত হুইলচেয়ারের জন্য আবেদন জানাতে সোমবার বিশ্রামগঞ্জ জেলা দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্রে আসেন তিনি। প্রচণ্ড গরমের মধ্যেও তাঁর এই উপস্থিতি অনেকের মন ছুঁয়ে যায়।রঞ্জিত নমঃর আশা, সরকারি সহায়তার মাধ্যমে একটি ব্যাটারি চালিত হুইলচেয়ার পেলে তাঁর চলাফেরা অনেকটাই সহজ হবে এবং অন্যের উপর নির্ভরশীলতাও কমবে। পরিবারের সদস্যরাও প্রশাসনের কাছে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করার আবেদন জানিয়েছেন।স্থানীয়দের মতে, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য সরকারি সহায়তা প্রকল্পগুলিকে আরও সহজলভ্য করা প্রয়োজন, যাতে প্রকৃত উপভোক্তারা দ্রুত প্রয়োজনীয় সুবিধা পেতে পারেন।এখন দেখার, ৭৫ বছরের এই প্রবীণের আবেদন কত দ্রুত বিবেচনা করে তাঁকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে সংশ্লিষ্ট দপ্তর।
“তপ্ত রোদ উপেক্ষা করে হুইলচেয়ারের আশায় ৭৫ বছরের রঞ্জিত নমঃ! পুনর্বাসন কেন্দ্রে মানবিক আবেদন”
