Headlines

পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, রাষ্ট্রবাদী নেতাকে ফের ১৫ দিনের সময় দিল প্রশাসন

বিশ্রামগঞ্জ, ১৭ জুন: পোল্ট্রি ফার্ম থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধ ও মাছির উপদ্রবে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চড়িলাম চৌমুহনী এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, একটি রাষ্ট্রবাদী নেতার মালিকানাধীন পোল্ট্রি ফার্মের কারণে এলাকায় বসবাস করা দুর্বিষহ হয়ে উঠেছে।বুধবার গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে যান প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। তাঁরা স্থানীয়দের বক্তব্য শোনেন এবং পোল্ট্রি ফার্মের পরিবেশগত পরিস্থিতি খতিয়ে দেখেন।গ্রামবাসীদের দাবি, ফার্ম থেকে নির্গত দুর্গন্ধ এবং অসংখ্য মাছির কারণে দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেন তাঁরা। বহুবার অভিযোগ জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।পরিদর্শনের পর প্রশাসনের পক্ষ থেকে ফার্ম কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে আরও ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা।এদিকে, প্রশাসনের এই পদক্ষেপে আংশিক স্বস্তি প্রকাশ করলেও দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন দক্ষিণ চড়িলাম চৌমুহনী এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *