Headlines

মধ্যরাতে জাতীয় সড়কে দুঃসাহসিক ধাওয়া! গাড়ি ভাঙচুরের চেষ্টায় আটক ৩ বাইক, চাঞ্চল্য উদয়পুরে

উদয়পুর, ১৮ জুন:গভীর রাতে জাতীয় সড়কে এক গাড়িচালককে দীর্ঘক্ষণ ধাওয়া, হামলার চেষ্টা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উদয়পুর মহকুমার বাগমা-টেপানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় স্থানীয়দের তৎপরতায় তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে এবং কয়েকজন যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।অভিযোগকারী খিলপাড়া এলাকার বাসিন্দা মুস্তাক আহমেদ খাদিম জানান, বুধবার রাতে তিনি আগরতলা থেকে নিজের মারুতি অল্টো কে-টেন গাড়িতে করে উদয়পুরে ফিরছিলেন। বাগমা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল ওভারটেক করার সময় তার গাড়ির লুকিং গ্লাসে ধাক্কা মেরে সেটি ভেঙে দেয়। বিষয়টি নিয়ে কথা বলার জন্য তিনি বাইক আরোহীকে থামতে বললেও সে দ্রুত সেখান থেকে চলে যায়।তার অভিযোগ, কিছুদূর এগিয়ে টেপানিয়া এলাকার নির্জন জাতীয় সড়কে আরও কয়েকটি মোটরসাইকেলে করে একদল যুবক তার গাড়িকে ঘিরে ধরার ও থামানোর চেষ্টা করে। পরিস্থিতি আশঙ্কাজনক মনে হওয়ায় তিনি দ্রুত সেখান থেকে ধজনগর পুলিশ লাইন এলাকার দিকে চলে আসেন। কিন্তু অভিযুক্তরা মোটরসাইকেলে করে তাকে ধাওয়া করতে থাকে এবং পুলিশ লাইন এলাকা পর্যন্ত পৌঁছে গাড়ি থামিয়ে মারধর ও ভাঙচুরের চেষ্টা চালায় বলে অভিযোগ।ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের সহায়তায় তিনটি মোটরসাইকেল আটক করা হয় এবং কয়েকজন যুবককে ধরে রাখা সম্ভব হয়। যদিও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রের দাবি, আটক যুবকদের মধ্যে একজন নিজের নাম বিকি দেবনাথ বলে পরিচয় দিয়েছেন এবং বিশালগড় এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন। অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত অধিকাংশ যুবকই বিশালগড় এলাকা থেকে এসেছিল।আটক মোটরসাইকেলগুলোর নম্বর TR-07B-6971, TR-07-7884 এবং TR-01AS-4836 বলে জানা গেছে। পরে বাইকগুলো ও আটক যুবকদের স্থানীয় একটি ক্লাবে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এটি নিছক সড়ক দুর্ঘটনা-পরবর্তী বিরোধ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *