মেলাঘর, ১৮ জুন:বিশুদ্ধ পানীয় জলের দাবিতে বাজারে বিক্রি হওয়া বোতলবন্দি জলের মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে মেলাঘরে। বৃহস্পতিবার মেলাঘরের লাল মিয়া চৌমুহনী এলাকায় একটি বোতলবন্দি পানীয় জলের বোতলে সন্দেহজনক ভাসমান পদার্থ দেখতে পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা গেছে, উদয়পুরের ‘কঙ্কনা’ নামধারী একটি সংস্থার সরবরাহকৃত বোতলবন্দি জলের মধ্যে অস্বাভাবিক ভাসমান বস্তু নজরে আসে। বিষয়টি প্রথমে দোকানদার ও স্থানীয়দের চোখে পড়লে তারা বিস্ময় প্রকাশ করেন এবং জলের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট বিক্রেতাদের আটকে রেখে খাদ্য দপ্তর ও ফুড সেফটি বিভাগের কর্মকর্তাদের খবর দেন। পরে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বোতলের ভেতরে থাকা সন্দেহজনক পদার্থ পর্যবেক্ষণ করেন। প্রাথমিকভাবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে এবং পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত বিক্রেতাদের কাছে প্রয়োজনীয় নথিপত্রও ছিল না। ফলে কীভাবে ওই পানীয় জল বাজারে বিক্রির জন্য পৌঁছল এবং সংশ্লিষ্ট সংস্থা সমস্ত নিয়ম মেনেছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।এ ঘটনার পর খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। সচেতন মহলের একাংশের মতে, বাজারে বিক্রি হওয়া বোতলবন্দি পানীয় জলের উৎপাদন, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উপর নিয়মিত নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।তবে বোতলের ভেতরে পাওয়া ভাসমান পদার্থের প্রকৃতি সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। পরীক্ষাগারের রিপোর্ট হাতে এলে বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।ঘটনার জেরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের দাবি, খাদ্য ও পানীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা উচিত নয় এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বোতলবন্দি জলে ভাসমান রহস্যময় পদার্থ! মেলাঘরে চাঞ্চল্য, প্রশ্নের মুখে বিশুদ্ধ পানীয় জলের মান
