আগরতলা, ১৯ জুন: শিক্ষার্থীদের নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল Rotary Club of Agartala। ক্লাবের পক্ষ থেকে শুক্রবার বয়েজ বোধজং স্কুল এবং প্রণবানন্দ বিদ্যামন্দিরে পানীয় জলের ফিল্টার বিতরণ করা হয়।বয়েজ বোধজং স্কুলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মলয় ভৌমিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বোধজং স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। অন্যদিকে, প্রণবানন্দ বিদ্যামন্দিরে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষা রত্না মজুমদারসহ বিদ্যালয়ের অন্যান্য সদস্যরা।রোটারি ক্লাব অব আগরতলার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি কিশলয় ঘোষ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার তরুণ কুমার দাস এবং সদস্য সুবীর ভৌমিক।অনুষ্ঠানে ক্লাবের প্রতিনিধিরা জানান, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও জানান, সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভবিষ্যতেও শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা। তাঁদের মতে, বিশুদ্ধ পানীয় জলের সহজলভ্যতা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ জলের উপহার, দুই বিদ্যালয়ে ফিল্টার দিল রোটারি ক্লাব অব আগরতলা
