আগরতলা, ১৯ জুন: আগামীকাল বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন বাজারে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। করমচা, ফুল, দূর্বা, বেলপাতা, ফলমূলসহ ষষ্ঠী পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে জমজমাট প্রস্তুতি দেখা গেলেও অন্যান্য বছরের তুলনায় এ বছর ক্রেতাদের ভিড় তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা।ব্যবসায়ীদের মতে, গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝেমধ্যেই বৃষ্টি নামছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বাজারে ক্রেতাদের আনাগোনা কম হওয়ায় বিক্রিও আশানুরূপ হচ্ছে না। ফলে উৎসবের আগের দিনেও কিছুটা উদ্বেগে রয়েছেন তাঁরা।এদিকে, চলতি বছরে মল মাস থাকায় ধর্মীয় রীতি অনুসারে নতুন জামাইদের জন্য বিশেষ জামাই ষষ্ঠী পালনের সুযোগ থাকছে না। এর প্রভাবও বাজারে পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।তবে দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। করমচা, ফুল, দূর্বা, বেলপাতা ও অন্যান্য পূজার সামগ্রীর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎসবের দিনে বিক্রি কিছুটা বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা।জামাই ষষ্ঠীকে ঘিরে বাজারে উৎসবের আবহ তৈরি হলেও বৃষ্টি ও মল মাসের প্রভাবে এ বছরের বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ব্যবসায়ী মহলে।
জামাই ষষ্ঠীর আগে বাজারে উৎসবের আমেজ, তবে বৃষ্টি ও মল মাসে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ
