Headlines

“১০৯৮-এ ফোন করেই রুখল নিজের বাল্যবিবাহ! কৈলাসহরে উদ্ধার ১৪ বছরের কিশোরী”

কৈলাসহর, ১৯ জুন:সাহসিকতা ও সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ঊনকোটি জেলার এক ১৪ বছরের কিশোরী। নিজের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ের আয়োজন করা হলে শেষ মুহূর্তে ১০৯৮ চাইল্ড হেল্পলাইনে ফোন করে বাল্যবিবাহ রুখে দিল সে।জানা গেছে, ফটিকরায় থানা এলাকার ওই নাবালিকা অষ্টম শ্রেণির ছাত্রী। পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যেই তার পড়াশোনা চলছিল। অভিযোগ, সম্প্রতি তার বাবা একটি পাত্র ঠিক করে বিয়ের আয়োজন শুরু করেন। কিন্তু কিশোরী বিয়েতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। এমনকি বিয়ের তারিখও নির্ধারণ করা হয়েছিল।বিয়ের মাত্র একদিন আগে, ১৮ জুন সন্ধ্যায়, পাশের বাড়ির এক যুবকের মোবাইল ফোন ব্যবহার করে কিশোরী ১০৯৮ নম্বরে যোগাযোগ করে পুরো বিষয়টি জানায়। খবর পেয়ে কৈলাসহরের চাইল্ড হেল্পলাইন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।১৯ জুন দুপুরে চাইল্ড লাইন কর্মী অর্পিতা ব্যানার্জি, সৌভিক দে, সঞ্জিব শর্মা-সহ ছয় সদস্যের একটি দল কিশোরীর বাড়িতে পৌঁছায়। প্রথমে পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়টি অস্বীকার করা হলেও পরে কিশোরীর বক্তব্য এবং তার ব্যাগ থেকে বিয়ের শাড়ি, মালা, সিঁদুর, শাঁখা-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হওয়ায় অভিযোগের সত্যতা সামনে আসে।এরপর কিশোরীকে উদ্ধার করে কৈলাসহরের ‘ওয়ান স্টপ সেন্টার’-এ নিয়ে যাওয়া হয়। চাইল্ড লাইন কর্মী সৌভিক দে জানান, আপাতত কিশোরীকে সেখানে রাখা হয়েছে। পরবর্তীতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।এই ঘটনায় আবারও সামনে এসেছে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা। প্রশাসন ও বিভিন্ন সংস্থা দীর্ঘদিন ধরে সচেতনতা কর্মসূচি চালালেও এখনও বিভিন্ন এলাকায় বাল্যবিবাহের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে সংশ্লিষ্ট মহলের মতে, এমন ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তিই বাল্যবিবাহ রোধে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *