আগরতলা, ১৯ জুন: নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং মনীষা দাসের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ন্যায্য বিচারের দাবিতে শুক্রবার আগরতলা শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। মিছিলটি পুলিশের মহা নির্দেশক (ডিজিপি)-এর কাছে ডেপুটেশন জমা দিতে গেলে ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় পুলিশ তাদের আটকে দেয়।প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী মহিলা কংগ্রেসের নেত্রী ও কর্মীরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।তিনি বলেন, মনীষা দাসের মৃত্যুর ঘটনায় স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে রাজ্যের সর্বত্র নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, মনীষা দাসের পরিবারের ন্যায়বিচার এবং নারী নিরাপত্তা সংক্রান্ত দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পুলিশের বাধা সত্ত্বেও ভবিষ্যতে আরও বৃহত্তর গণআন্দোলনের ইঙ্গিত দিয়েছে সংগঠনটি।
“মনীষা দাসের বিচারের দাবিতে পথে মহিলা কংগ্রেস, ডেপুটেশন ঘিরে পুলিশের বাধা”
