যাত্রাপুর, ২২ জুন: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি বসতঘর। ঘটনাটি ঘটেছে যাত্রাপুর থানা এলাকার থলিবাড়ি এডিসি ভিলেজে। এই ঘটনায় সর্বস্ব হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন মিলন পাল ও তাঁর পরিবার।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাত প্রায় সাড়ে তিনটার দিকে মিলন পালের বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং দুটি বসতঘর সম্পূর্ণভাবে আগুনে গ্রাস হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হলেও আগুনের তীব্রতার কারণে ঘর দুটিকে রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, পোশাক, মূল্যবান সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।অগ্নিকাণ্ডের ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম সংকটে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মধ্যরাতের আগুনে সর্বস্বান্ত পরিবার! থলিবাড়িতে পুড়ে ছাই দুটি বসতঘর
