বোধজংনগর থানাধীন দফিদার এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক যুবক শ্বশুরের দায়ের কোপে গুরুতরভাবে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম রানা দেববর্মা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ অনুযায়ী, কয়েক মাস ধরে রানা দেববর্মা তাঁর শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। শনিবার পারিবারিক কোনও বিষয়কে কেন্দ্র করে বচসার জেরে তাঁর শ্বশুর উত্তম দেববর্মা ধারালো দা দিয়ে হামলা চালান বলে অভিযোগ। এতে রানা দেববর্মা রক্তাক্ত হয়ে পড়েন।আহত রানা দেববর্মার দাবি, হামলার পর তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মানবিকতার খাতিরে তাঁরা তাঁকে উদ্ধার করে বোধজংনগর থানায় নিয়ে যান।থানায় পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রানা দেববর্মা গোটা ঘটনার বর্ণনা দেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।পুলিশ ঘটনার অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলার নেপথ্যের পরিস্থিতি তদন্তের পরই স্পষ্ট হবে।
শ্বশুরের দায়ের কোপে রক্তাক্ত জামাই! দফিদার এলাকায় চাঞ্চল্য, থানায় আশ্রয় নিলেন আহত যুবক
