Headlines

ডাকঘরে নেশা সামগ্রী উদ্ধারের প্রতিবাদে উত্তাল সোনামুড়া, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ডিওয়াইএফআই-এর

রাজ্যের প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিরোধী দল ও গণসংগঠনগুলি। তারই অংশ হিসেবে সোমবার সোনামুড়া প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে ডিওয়াইএফআই-এর সোনামুড়া বিভাগীয় কমিটি।প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁদের অভিযোগ, নেশা কারবারের বিস্তার রাজ্যের যুবসমাজের ভবিষ্যৎকে বিপন্ন করে তুলছে এবং এই ধরনের ঘটনা প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন।বিক্ষোভকারীরা অবিলম্বে নেশা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং এই ধরনের অবৈধ কারবার সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে যুবসমাজের স্বার্থে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।এদিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি সেলিম মিয়া, রাজ্য কমিটির সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সোনামুড়া প্রধান ডাকঘর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হলেও পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। সংগঠনের পক্ষ থেকে নেশামুক্ত সমাজ গড়ার দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *