শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনু জমাতিয়া পাড়া থেকে সর্দারাই রিয়াং পাড়া পর্যন্ত সংযোগকারী সড়কের করুণ অবস্থাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটি বর্তমানে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এলাকার অন্তত ৫২টি পরিবার প্রতিদিন নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বামফ্রন্ট সরকারের আমল থেকে শুরু করে বর্তমান বিজেপি-তিপ্রা মথা জোট সরকারের সময়কালেও একাধিকবার রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তার বিভিন্ন অংশ কাদা ও জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়।সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সড়কের উপর নির্মিত কাঠের একটি কালভার্ট বর্তমানে ভেঙে পড়ার মুখে। এলাকাবাসীর দাবি, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই সড়কটিই গ্রামবাসীদের একমাত্র যোগাযোগের মাধ্যম হওয়ায় প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী, কৃষক, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ২২ কাঠালিয়া-রাজাপুর-মির্জা কেন্দ্রের নির্বাচিত এমডিসি ডেবিট মুড়াসিং নির্বাচনের সময় রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরে আর এলাকায় আসেননি। দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানাতে চাইলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলেও দাবি করেন তারা।গ্রামবাসীদের বক্তব্য, নির্বাচনের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোটের পর সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি উপেক্ষিত থেকে যায়। বছরের পর বছর ধরে একই সমস্যার মধ্যে বসবাস করলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি।এলাকাবাসীরা অবিলম্বে ভেঙে পড়া কালভার্ট মেরামত এবং সম্পূর্ণ সড়কের সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।
মনু জমাতিয়া পাড়া–সর্দারাই রিয়াং পাড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে ৫২ পরিবার
