পশ্চিম ত্রিপুরার গোলাঘাটি বিধানসভা এলাকার কোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে এক মহিলার উপর বর্বরোচিত নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, পরকীয়ার অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও মহিলার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর তিনি চিকিৎসাধীন রয়েছেন।পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে একটি আপত্তিকর ছবি সামাজিকভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সালিশি বৈঠক বসে। পরে একদল ব্যক্তি মহিলাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে মারধর করে এবং অমানবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে।ঘটনার পর টাকারজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পরিবারের দাবি। বিষয়টি সামনে আসার পর জম্পুইজলা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে।এদিকে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে অভিযোগগুলির সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে সকলেই।
পরকীয়ার অভিযোগে মহিলার উপর নৃশংস নির্যাতনের অভিযোগ, গোলাঘাটিতে চাঞ্চল্য
