আগরতলা, ২৪ জুন: দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরের গ্রুপ-ডি পদে অনিয়মিত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করার পর অবশেষে নিয়মিতকরণের সুযোগ পেলেন ছয়জন কর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশনার ভিত্তিতে তাদের নিয়মিতকরণের জন্য আনুষ্ঠানিক অফার প্রদান করা হয়েছে বলে জানা গেছে।বহু বছর ধরে স্থায়ী নিয়োগের দাবিতে লড়াই চালিয়ে আসা এই কর্মচারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনি লড়াইয়ে অংশ নেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ তাদের জন্য নতুন আশার দুয়ার খুলে দেয়।এই আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইনজীবী । কর্মচারীদের দাবি ও আইনি বিষয়গুলো আদালতে উপস্থাপনের মাধ্যমে তিনি তাদের নিয়মিতকরণের পথ সুগম করতে সহায়তা করেন।নিয়মিতকরণের অফার পাওয়ার পর কর্মচারীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা জানান, বহু বছর ধরে অনিশ্চয়তার মধ্যে কাজ করার পর এই স্বীকৃতি তাদের জন্য এক বড় প্রাপ্তি।শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট মহল মনে করছে, এই পদক্ষেপ কর্মচারীদের কর্মনিষ্ঠা ও মনোবল আরও বৃদ্ধি করবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে কর্মরত অন্যান্য কর্মচারীদের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে।কর্মচারীরা এদিন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
বহু বছরের অপেক্ষার অবসান, সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়মিতকরণের সুযোগ পেলেন ৬ অনিয়মিত কর্মী
