Headlines

সমীর দাসের পরিবারে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, খুনিদের কঠোর শাস্তির আশ্বাস

শহরতলীর কাঁঠালতলীতে খুন হওয়া সমীর দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বৃহস্পতিবার তাঁর এই সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।এদিন রামপ্রসাদ পাল সমীর দাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত সমীর দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।পরিবারের সদস্যদের উদ্দেশ্যে উপাধ্যক্ষ বলেন, ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং খুনিদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তিনি পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার অনুরোধ করেন।এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের প্রতিও শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, কোনও প্রকার উত্তেজনা বা গুজবে কান না দিয়ে সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে, যাতে তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।রামপ্রসাদ পালের এই সফরে স্থানীয় বাসিন্দা ও দলের কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। তাঁর আশ্বাসে নিহতের পরিবার কিছুটা হলেও মানসিক শক্তি পেয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *