Headlines

হারানো ২২ স্মার্টফোন উদ্ধার! মালিকদের মুখে হাসি ফিরিয়ে দিল এয়ারপোর্ট থানার পুলিশ

প্রযুক্তিনির্ভর বর্তমান জীবনে মোবাইল ফোন হারিয়ে যাওয়া মানেই বড় ধরনের ভোগান্তি। সেই হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ২২ জন গ্রাহক। এয়ারপোর্ট থানা এলাকার বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এয়ারপোর্ট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ তদন্ত ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিহারসহ অন্যান্য এলাকা থেকেও মোবাইল ফোনগুলির অবস্থান শনাক্ত করা হয়। দীর্ঘ অনুসন্ধান এবং সমন্বিত অভিযানের মাধ্যমে একে একে উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া ফোনগুলি।এই সাফল্য নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব গোটা তদন্ত প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় এবং পুলিশের নিরলস প্রচেষ্টায় মোবাইল ফোনগুলির অবস্থান চিহ্নিত করে সেগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।এদিন থানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া ২২টি স্মার্টফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মূল্যবান মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গ্রাহকরা। তাঁরা পুলিশের তৎপরতা ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে এয়ারপোর্ট থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। একই সঙ্গে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের ক্ষেত্রে দ্রুত থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *