পোলিওমুক্ত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) উদ্যোগে জাতীয় ইমিউনাইজেশন দিবস উপলক্ষে সারা দেশের মতো উত্তর জেলাতেও পালস পোলিও কর্মসূচি পালিত হতে চলেছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে আগামী ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে।উত্তর জেলার পালস পোলিও কর্মসূচির মূল অনুষ্ঠানটি ২৮ জুন পানিসাগর মহকুমা হাসপাতালে আয়োজিত হবে। কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক চন্দ্র হালদার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। তাঁরা তিন দিনব্যাপী পালস পোলিও কর্মসূচির বিভিন্ন দিক, পরিসংখ্যান, লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।জেলা স্বাস্থ্য আধিকারিক জানান, পোলিও প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জেলার প্রতিটি অভিভাবককে তাঁদের শিশুদের এই কর্মসূচির আওতায় এনে পোলিও প্রতিরোধী টিকা খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।তিনি আরও বলেন, পোলিও নির্মূলে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও সমানভাবে জরুরি। কর্মসূচিকে শতভাগ সফল করতে জেলার সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।পোলিওমুক্ত ত্রিপুরা এবং পোলিওমুক্ত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।
পোলিওমুক্ত ত্রিপুরার লক্ষ্যে উত্তর জেলায় ৩ দিনের পালস পোলিও অভিযান শুরু ২৮ জুন
