কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে গোমতী জেলার জেলাশাসকের কাছে গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কিষান কংগ্রেস কমিটির গোমতী জেলা শাখা। বৃহস্পতিবার ছয় সদস্যের একটি প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে কৃষি ক্ষেত্রের একাধিক জরুরি বিষয় তুলে ধরে একটি ছয় দফা দাবি সনদ জমা দেয়।প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে ধান ক্রয় প্রক্রিয়ায় বিলম্ব ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরেই কৃষকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ধান ক্রয় প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করার পাশাপাশি উৎপাদনের সঙ্গে সঙ্গেই কৃষকদের কাছ থেকে সমস্ত বিক্রয়যোগ্য ধান কেনার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। একইসঙ্গে ধান ক্রয়ের ক্ষেত্রে দলীয় প্রভাব বা পক্ষপাতিত্ব বন্ধ করারও আহ্বান জানানো হয়।ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওবিসি রাজ্য সহ-সভাপতি প্রহ্লাদ ঘোষ বলেন, বর্তমান সময়ে কৃষকরা বহুমুখী সংকটের মুখোমুখি। ধান ক্রয়ে বিলম্ব এবং প্রশাসনিক জটিলতার কারণে অনেক কৃষক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস এবং বিদ্যুতের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি কৃষি উৎপাদনের খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা কৃষকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।তিনি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর সরকারি হস্তক্ষেপের দাবি জানান এবং কৃষকদের স্বার্থে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন কিষান কংগ্রেস কমিটির ব্লক সভাপতি সমীর পাল, সংখ্যালঘু কমিটির জেলা সভাপতি রোশন মিঞা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। কিষান কংগ্রেস নেতৃত্বদের আশা, প্রশাসন কৃষকদের উত্থাপিত দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে জেলার কৃষকরা উপকৃত হন এবং কৃষি ব্যবস্থার আরও উন্নয়ন ঘটে।
কৃষকদের স্বার্থে সরব কিষান কংগ্রেস, গোমতী জেলাশাসকের কাছে ৬ দফা দাবি পেশ
