উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্র বৃহস্পতিবার মুখরিত হয়ে উঠল খুদে নাট্যশিল্পীদের প্রাণচাঞ্চল্যে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর, উদয়পুর পৌর পরিষদ ও গোমতী জেলা পরিষদের যৌথ সহযোগিতায় শুরু হয়েছে গোমতী জেলা ভিত্তিক ‘ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা’।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য পার্থ সারথি দাস, জেলা শিক্ষা দপ্তরের ওএসডি বিষ্ণুপদ দত্ত, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রতিভা দে, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা টিংকু বিশ্বাস, বিচারকমণ্ডলীর সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।উদ্বোধনী বক্তব্যে সুভাষ আচার্য্য বলেন, ‘ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা’ দীর্ঘদিন ধরে অভিনয় শিল্পের বিকাশ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি নাটককে কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজের অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেন। শিশুদের মধ্যে নাট্যচর্চার প্রতি ক্রমবর্ধমান আগ্রহ ভবিষ্যতের সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলেও তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে বক্তারা বর্তমান প্রজন্মকে নাট্যচর্চার সঙ্গে আরও বেশি করে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, নাটক তরুণদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সমাজ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে।এবারের প্রতিযোগিতায় গোমতী জেলার ১২টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পাশাপাশি, শ্রেষ্ঠত্ব অর্জনকারী দল আগামী ২৯ জুন অনুষ্ঠিত রাজ্যভিত্তিক নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।প্রতিযোগিতাকে কেন্দ্র করে দিনভর উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে রাজর্ষি কলাক্ষেত্র। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং সাংস্কৃতিক আবহ গোমতী জেলার সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।
উদয়পুরে শুরু ‘ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা’, নাট্যমঞ্চে খুদে শিল্পীদের উচ্ছ্বাস
