Headlines

১০ বছরের অপেক্ষার অবসান! আন্দোলন ও জনচাপের জেরে মাছলি স্বাস্থ্য কেন্দ্রে চালু ২৪ ঘণ্টার পরিষেবা

দীর্ঘ এক দশকের দাবি ও আন্দোলনের পর অবশেষে সুখবর পেলেন লংতরাই ভেলির মাছলি এলাকার বাসিন্দারা। জনগণের আন্দোলন, সচেতন নাগরিকদের সোচ্চার ভূমিকা এবং সংবাদমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদনকে কেন্দ্র করে আজ থেকে মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টার চিকিৎসা পরিষেবা চালু হয়েছে।এতদিন এই স্বাস্থ্য কেন্দ্রটি শুধুমাত্র সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকত। ফলে সন্ধ্যা বা গভীর রাতে কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে স্থানীয় মানুষকে দূরবর্তী স্বাস্থ্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হতো। জরুরি চিকিৎসা পরিষেবার অভাবে বহু মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ ছিল এলাকাবাসীর।এই পরিস্থিতির পরিবর্তনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। স্বাস্থ্য কেন্দ্রটিকে ২৪ ঘণ্টা খোলা রাখার দাবিতে বিভিন্ন সময়ে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান এবং গণআন্দোলনের কর্মসূচিও গ্রহণ করা হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়।অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য কেন্দ্রটিতে দিন-রাত চিকিৎসা পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ২৪ ঘণ্টার পরিষেবা শুরু হওয়ায় গোটা এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দারা এই সিদ্ধান্তকে জনস্বার্থে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানান, এটি সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফল এবং জনস্বার্থে আন্দোলনের একটি বড় সাফল্য।মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টার পরিষেবা চালু হওয়ায় এখন থেকে এলাকার মানুষ জরুরি মুহূর্তে আরও সহজে চিকিৎসা সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *